কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ এ ০৪:০৯ PM
কন্টেন্ট: পাতা
স্বাধীনতা উত্তরকালে প্রকল্পের বিশেষ করে সাহায্যপুষ্ট প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন জোরদার করার প্রয়োজনীয়তা দৃঢ়ভাবে অনুভূত হয়। এ প্রেক্ষিতে ১৯৭৫ সালের জানুয়ারি মাসে ‘প্রকল্প বাস্তবায়ন ব্যুরো (PIB)’ সৃষ্টি করে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়। মূলতঃ মালয়েশীয় মডেলে তদকালীন ‘প্রকল্প বাস্তবায়ন ব্যুরো (PIB)’ প্রতিষ্ঠা করা হয়। কর্মপরিধি বৃদ্ধির কারণে ১৯৭৭ সালে পিআইবিকে প্রজেক্ট মনিটরিং ডিভিশন (PMD) নামে একটি স্বতন্ত্র বিভাগে উন্নীত করা হয়। অতঃপর ১৯৮২ সালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (IMED) নামে নামকরণ করা হয়। পরবর্তিতে ১৯৮৪ সালে তা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ১৯৯৯ সালে পরিচালিত Country Procurement Assessment Report (CPAR) এ বাংলাদেশে সরকারী ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান ত্রুটি ও বিচ্যুতি দূর করে যুগোপযোগী আইন ও বিধি প্রণয়নের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে বিশ্বব্যাংক এর সহায়তায় গৃহীত পিপিআরপি (পাবলিক প্রকিউরমেন্ট রিফর্মস প্রকল্প) -এর আওতায় ২০০২ সালে আইএমইডি’তে Central Procurement Technical Unit (CPTU) প্রতিষ্ঠা করা হয়। CPTU প্রথমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৩ প্রণয়নসহ প্রয়োগের জন্য Implementation Procedures এবং প্রয়োজনীয় ডকুমেন্টস চালু করে। প্রাথমিকভাবে ক্রয় কার্যক্রমে দক্ষতা, নিরপেক্ষতা, দরদাতাদের প্রতি সম-আচরণ ও প্রতিযোগিতা বৃদ্ধির ফলে ব্যবসায়ী এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ কাযর্কর করা হয়। পরবর্তীতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৭০-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ প্রণয়ন করে।
উল্লেখ্য, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০২৩-এর ধারা ৪-এর অধীন আইএমইডি'র অধিনস্থ একটি সংস্থা হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রতিষ্ঠিত হয়।